রাজধানীর মোহাম্মদপুর এর বসিলা এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমএস আহমেদ আলী, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য এবং ৩৩ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই এবং মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে বসিলায় এলাকাবাসীর উদ্যোগে এবং এমএস আহমেদ আলীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমএস আহমেদ আলী বলেন, “কারো একার পক্ষে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের নির্মূল করা সম্ভব নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আপনারা যদি সক্রিয়ভাবে এগিয়ে আসেন, তাহলে আমাদের এলাকায় এসব অপকর্ম করার সুযোগ আর থাকবে না। আমি সবসময় এই এলাকার মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মোহাম্মদপুর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ পরিবেশ গড়ে উঠবে।
মোহাম্মদপুরের বসিলায় মাদক-সন্ত্রাস,ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।






