জুলাইযোদ্ধা হাসিবুর রহমান খানের মৃত্যুতে শোকের ছায়া, অপপ্রচারকারীদের বিরুদ্ধে জনরোষ
গত ৩ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ও সাহসী জুলাইযোদ্ধা হাসিবুর রহমান খান-এর আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তার নিজ এলাকা ভোলা জেলার চরফ্যাশনের নজরুল নগর ইউনিয়ন পর্যন্ত।
হাসিবুর রহমান খান দীর্ঘদিন ধরে জুলাইযোদ্ধা আন্দোলনের সক্রিয় নেতা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সম্ভাব্য প্রার্থীও। তার অকাল মৃত্যুতে সহকর্মী, ছাত্রনেতা এবং সাধারণ শিক্ষার্থীরা শোকাহত।
কিন্তু শোকের এই মুহূর্তে ঘটেছে আরেকটি দুঃখজনক ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ দুই ব্যক্তি — এমডি ফিরোজ মোল্লা ও মেজবাউদ্দিন টিপু নামের আইডি থেকে হাসিবুর রহমান খানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। একজন মৃত মানুষকে নিয়ে এ ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ।
নজরুল নগর ইউনিয়নের স্থানীয়রা অভিযোগ করেছেন, ফিরোজ মোল্লা ও মেজবাউদ্দিন টিপু দুজনেই নজরুল নগর এলাকার বাসিন্দা। তারা সেখান থেকেই অনলাইনে অপপ্রচার চালিয়ে জাতীয়তাবাদী আদর্শকে কলঙ্কিত করার চেষ্টা করছেন।
স্থানীয়রা এ ঘটনার কঠোর নিন্দা জানিয়ে দ্রুত দুজন অপপ্রচারকারীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, একজন দেশপ্রেমিক তরুণ নেতার মৃত্যু নিয়ে কটূক্তি করা শুধু মানবিকতার পরিপন্থী নয়, এটি সমাজে ঘৃণা ও বিভাজন ছড়ানোর অপচেষ্টা।
হাসিবুর রহমান খানের সহকর্মীরা জানান,
“জুলাইযোদ্ধা হাসিবুর শুধু একজন ছাত্রনেতা ছিলেন না, তিনি ছিলেন প্রতিবাদের প্রতীক। তার মতো নেতাকে হারিয়ে আমরা দিকহারা।”
তার মৃত্যু ও পরবর্তী অপপ্রচার নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।






