সাভার, ঢাকা:
সিটি ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বিভাগের বর্তমান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে পুনরায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন এবং বিভাগের একাডেমিক পরিবেশ পুনরুদ্ধারে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, গত তিন বছর ধরে বিভাগের গবেষণা, একাডেমিক কার্যক্রম, শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, ইন্টার্নশিপ, ফ্যাক্টরি ভিজিট, স্টাডি ট্যুর এবং সহশিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাদের দাবি, বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বারবার বিলম্বিত বা বাধাগ্রস্ত হওয়ায় বিভাগের সার্বিক অগ্রগতি স্থবির হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের প্রধান অভিযোগসমূহ:
গবেষণার পরিবেশ সংকট: গবেষণার পরিবেশ উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়া এবং ল্যাবরেটরির দীর্ঘমেয়াদী সমস্যাগুলো সমাধান না করা।
ইন্ডাস্ট্রি ও বাহ্যিক সহযোগিতা ঘাটতি: বহির্বিশ্বের গবেষণা প্রতিষ্ঠান ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে উল্লেখযোগ্য কোনো সহযোগিতা গড়ে না ওঠা এবং বিসিএসআইআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা বাতিল হওয়া।
সহশিক্ষা কার্যক্রমে বাধা: ফার্মা ক্লাবের অনুমোদন দীর্ঘ সময় আটকে রাখা, ইন্টার্নশিপের সুযোগ সীমিত করা এবং ফ্যাক্টরি ভিজিট ও স্টাডি ট্যুরের অনুমতি প্রদানে অনীহা।
অসহযোগিতামূলক আচরণ: বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের প্রতি অসহযোগিতামূলক ও ভীতিকর আচরণ প্রদর্শন, যা বিভাগের স্বাভাবিক শিক্ষা পরিবেশকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে।
এর আগেও শিক্ষার্থীরা একই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। তবে দীর্ঘ সময়েও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় তারা পুনরায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা এমন একজন উপদেষ্টা প্রত্যাশা করেন যিনি শিক্ষার্থীবান্ধব, গবেষণামুখী এবং বিভাগের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিভাগের একাডেমিক পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তারা।
দূর্নীতির অভিযোগে উপদেষ্টা অধ্যাপক ড. ইলিয়াসকে অপসারণের দাবিতে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলন






