ইয়াসির রহমান,লালমোহন প্রতিনিধি:
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬
ভোলা: ভোলার লালমোহনে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ (একশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় লালমোহন থানা পুলিশের একটি চৌকস টিম এই মাদক উদ্ধার ও অভিযানে সফল হয়।
যেভাবে গ্রেফতার করা হয়
গতকাল ০৭ জুন ২০২৬ তারিখ রাত ২১:৪৫ ঘটিকায় লালমোহন থানার এসআই (নি:) আসাদুজ্জামান খান ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে লর্ডহার্ডিঞ্জ ৫নং ওয়ার্ডস্থ নতুন বাজারের উত্তর পার্শ্বে হেলালের বাড়ির দরজার সামনে পাকা রাস্তার ওপর একটি অভিযান পরিচালনা করেন। এ সময় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের পরিচয়
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. মোঃ ইউসুফ (৫০), পিতা-মৃত অজিউল্লাহ, সাং-রায়চাঁদ ৫নং ওয়ার্ড, রমাগঞ্জ ইউপি, লালমোহন, ভোলা।
২. মোঃ মমিন (৪৮), পিতা-আবুল কাশেম মাঝি, সাং-কুন্ডের হাওলা ৭নং ওয়ার্ড, ধলীগৌরনগর ইউপি, লালমোহন, ভোলা।
৩. মোঃ তোফায়েল (৩৭), পিতা-শেখ আহম্মদ, সাং-মোল্লাজি ৬নং ওয়ার্ড, ধলীগৌরনগর ইউপি, লালমোহন, ভোলা।
আইনি পদক্ষেপ
লালমোহন থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালমোহন থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১০, তারিখ-০৭/০৬/২০২৬ খ্রিঃ, জি আর নং-১২৮)।
এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
লালমোহনে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।






