Home / রাজনীতি / চরফ্যাশনে ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি-যুবদল নেতা রাসেলের ফেসবুক পোস্ট।

চরফ্যাশনে ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি-যুবদল নেতা রাসেলের ফেসবুক পোস্ট।

ইফতেখার আলামিন,চরফ্যাশন প্রতিনিধি:
ভোলা জেলাবাসীর উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রস্তাবিত ভোলা মেডিকেল কলেজ হাসপাতালটি চরফ্যাশনের কর্তারহাটে প্রতিষ্ঠার জোরালো দাবি জানিয়েছেন চরফ্যাশন উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই যুক্তিপূর্ণ দাবি তুলে ধরেন।
​ফেসবুক পোস্টে হাজী জাহিদুল ইসলাম রাসেল ভৌগোলিক দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থার একটি বাস্তব চিত্র তুলে ধরে লেখেন— প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে ভোলা জেলা সদর থেকে বরিশাল পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। অথচ ভোলার দূরবর্তী অঞ্চল চরফ্যাশনের দক্ষিণ আইচা থেকে ভোলা সদরে যেতে বর্তমানে সময় লেগে যায় প্রায় ৩ ঘণ্টা।
​তিনি উল্লেখ করেন, যদি মেডিকেল কলেজ হাসপাতালটি চরফ্যাশনের কর্তারহাটে স্থাপন করা হয়, তবে ভৌগোলিক অবস্থানের কারণে জেলার সব অঞ্চলের সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা গ্রহণ করা অনেক বেশি সহজ ও সুবিধাজনক হবে।
​তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। চরফ্যাশন ও মনপুরার স্থানীয় সাধারণ মানুষ ও নেটিজেনরা এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সহমত প্রকাশ করছেন। তাদের মতে, দূরবর্তী ও অবহেলিত দক্ষিণ জনপদের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করতে হাসপাতালটি চরফ্যাশনে হওয়া অত্যন্ত যুক্তিসঙ্গত।
​হাজী জাহিদুল ইসলাম রাসেল মনে করেন, জনগণের সেবাকে দোরগোড়ায় পৌঁছে দিতে এবং যাতায়াতের ভোগান্তি কমাতে চরফ্যাশনে ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *