চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার আকাশে সামান্য মেঘ জমতে না জমতেই জেলাজুড়ে শুরু হয়েছে বিদ্যুতের ভেলকিবাজি। চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন বিভিন্ন ইউনিয়নে গত রাত থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। প্রায় ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাহকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আকাশে সামান্য মেঘের দেখা দেওয়ার সাথে সাথেই শশীভূষণ থানা এলাকার ইউনিয়নগুলোতে বিদ্যুৎ চলে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গ্রাহকেরা স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও কোনো কর্মকর্তা ফোন ধরেননি এবং এ বিষয়ে কোনো সদুত্তর দেননি। কর্মকর্তাদের এমন উদাসীন ও দায়িত্বজ্ঞানহীন আচরণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
ভুক্তভোগী গ্রাহকদের দাবি, “আমরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করি, কিন্তু সামান্য মেঘ বা বাতাস হলেই কেন আমাদের এভাবে অন্ধকারে থাকতে হবে? ভোলায় বিপুল পরিমাণ গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন হওয়া সত্ত্বেও ভোলার মানুষ কেন নিয়মিত বিদ্যুৎ পাবে না?”
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা নষ্ট হচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা এবং স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য। সামান্য দুর্যোগের পূর্বাভাসেই এভাবে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন শশীভূষণ এলাকার সর্বস্তরের জনগণ।
ভোলার আকাশে মেঘ জমতেই উধাও বিদ্যুৎ।





