স্টাফ রিপোর্টার | নিউজ টাইম বাংলাদেশ
জাতীয় সংসদে ঢাকার উপর ক্রমবর্ধমান ট্রাফিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রস্তাব উত্থাপন করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। তিনি ভোলা-বরিশাল সেতুর পাশাপাশি ভোলা-লক্ষ্মীপুর সেতু নির্মাণের দাবি জানান।
সংসদে বক্তব্যে তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই দুটি সেতু অত্যন্ত জরুরি। ভোলা-লক্ষ্মীপুর সেতু নির্মিত হলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর সঙ্গে বিকল্প সংযোগ তৈরি হবে, যা ঢাকার ওপর ট্রাফিক চাপ উল্লেখযোগ্যভাবে কমাবে।
তিনি আরও বলেন, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে ভাঙা অংশের সড়কটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। প্রায় ৩০টি নির্বাচনী এলাকা এই সড়কের ওপর নির্ভরশীল হওয়ায় এটিকে দ্রুত সিক্স লেনে উন্নীত করা প্রয়োজন।
এমপি নয়ন ভোলার নদীভাঙন পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ভোলা একটি নদীভাঙনপ্রবণ এলাকা হওয়ায় এখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক নিম্ন। এক এলাকা নদীগর্ভে বিলীন হলে অন্য এলাকায় যেতে হয়, যা জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। এ সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।
মনপুরা উপজেলার বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এখনো অনেক মানুষ বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত। মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।
এছাড়াও ভোলা জেলার পর্যটন শিল্পের সম্ভাবনা তুলে ধরে এমপি নয়ন বলেন, যথাযথ পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে এই অঞ্চলকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
সংসদে উত্থাপিত এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







