
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট এলাকায় পুকুর থেকে গ্যাসের বুদবুদ ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় ৬নং নূরাবাদ ইউনিয়নের মোল্লাবাড়ির একটি পুকুরে উদগিরণকৃত গ্যাস পর্যবেক্ষণ করে শাহবাজপুর গ্যাসক্ষেত্রর টেকনিক্যাল টিম।
পর্যবেক্ষণ শেষে টিমের পক্ষ থেকে জানানো হয়, পুকুরে দেখা যাওয়া গ্যাসের বুদবুদ মূলত উদ্ভিজ্জ পদার্থ থেকে সৃষ্ট বায়োগ্যাসের ফল। গ্যাস ডিটেক্টর দিয়ে পরীক্ষায় মিথেন (Methane) ও কার্বন ডাই অক্সাইড (CO₂) এর উপস্থিতি পাওয়া গেলেও কোনো ধরনের উচ্চমানের হাইড্রোকার্বনের অস্তিত্ব মেলেনি।
বিশেষজ্ঞদের মতে, এটি অগভীর স্তরে (Shallow Depth) এবং নিম্নচাপে (Low Pressure) জমাকৃত স্বল্প পরিমাণ বায়োগ্যাস, যা ভোলার বিভিন্ন স্থানে মাঝেমধ্যেই দেখা যায়। নিম্নচাপের কারণে কিছুদিন পর স্বাভাবিকভাবেই এই গ্যাস নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক করে জানিয়েছে, বুদবুদ সম্পূর্ণ নিঃশেষ না হওয়া পর্যন্ত ওই স্থানে কেউ যেন আগুন বা অগ্নিসংযোগের মতো ঝুঁকিপূর্ণ কাজ না করেন।
এ ঘটনায় এলাকায় কৌতূহল ও উদ্বেগ দেখা দিলেও বিশেষজ্ঞদের বক্তব্যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।






