Home / বিশেষ সংবাদ / মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: ‘এলেক্স ইমন’ নিহত, গ্রেপ্তার ৩

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: ‘এলেক্স ইমন’ নিহত, গ্রেপ্তার ৩

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: ‘এলেক্স ইমন’ নিহত, গ্রেপ্তার ৩

রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইমন ওরফে ‘এলেক্স ইমন’ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন বেড়িবাঁধ সড়কে এই ঘটনা ঘটে।

নিহত ইমন একটি কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দিতেন বলে পুলিশ নিশ্চিত করেছে। এই হত্যাকাণ্ডের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫)। তারা সবাই নিহতের প্রতিপক্ষ গ্রুপের সদস্য।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ৩টি চাপাতি, ১টি কাটার ও ১টি স্টিলের পাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরবাজার এলাকায় ইমনের গ্রুপের সাথে প্রতিপক্ষ একটি গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। রোববার বিকেলে বেড়িবাঁধ এলাকায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে ইমন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত ইমনের বিরুদ্ধে ছিনতাই ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন।

পুলিশ ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা গেছে, অস্ত্রধারী কয়েকজন যুবক একে অপরকে পাল্টাপাল্টি ধাওয়া করছে। এই ফুটেজ বিশ্লেষণ করে জড়িত বাকিদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *