চরফ্যাশন-মনপুরায় খাজনা নিয়ে ক্ষোভ, পহেলা বৈশাখ থেকে বাজার উন্মুক্ত করার ঘোষণা এমপি নয়নের
অনলাইন ডেস্ক | চরফ্যাশন
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্থানীয় বাজারে অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, দেশের একজন শাক বিক্রেতা ৫০০ টাকার পণ্য বিক্রি করলে ৭৫ টাকা খাজনা দিতে বাধ্য হন, যা একজন সাধারণ কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য অত্যন্ত কষ্টকর।
তিনি আরও উল্লেখ করেন, একজন জিলাপি বিক্রেতাকেও প্রতিদিন ৬০০ টাকা পর্যন্ত খাজনা দিতে হচ্ছে, যা “চরম অন্যায়ের পর্যায়ে পৌঁছেছে” বলে তিনি মন্তব্য করেন।
এমপি নয়ন জানান, এই পরিস্থিতির পরিবর্তনে তিনি উদ্যোগ নিচ্ছেন। তিনি ঘোষণা দেন, আসন্ন পহেলা বৈশাখ থেকে চরফ্যাশন ও মনপুরার সকল বাজার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং অতিরিক্ত খাজনা আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “আমি যদি রাজনীতি করি, তাহলে তা চরফ্যাশন ও মনপুরার মানুষের কল্যাণের জন্যই করবো।”
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এ ঘোষণাকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাজার ব্যবস্থায় স্বস্তি ফিরে আসবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবে।
চরফ্যাশন-মনপুরায় খাজনা নিয়ে ক্ষোভ, পহেলা বৈশাখ থেকে বাজার উন্মুক্ত করার ঘোষণা এমপি নয়নের।






