Home / বাংলাদেশ / দেশনেত্রীর জানাজায় পদদলিত হয়ে প্রাণ গেল নিরব নামের এক ব্যক্তির।

দেশনেত্রীর জানাজায় পদদলিত হয়ে প্রাণ গেল নিরব নামের এক ব্যক্তির।

দেশনেত্রীর জানাজায় পদদলিত হয়ে প্রাণ গেল একজনের

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক সাধারণ মানুষ। লাখো মানুষের ভিড়ে পদদলিত হয়ে নিহত ওই ব্যক্তির নাম নিরব (৫৫)। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর থানায়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের সাক্ষী হতে ভালোবাসা ও আবেগের টানে ঢাকায় আসেন নিরব। কিন্তু মানুষের অতিরিক্ত ভিড় ও প্রচণ্ড চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে ভিড়ের চাপে নিচে পড়ে যান এবং আর উঠতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরব ভিড়ের চাপে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও ততক্ষণে তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর মরদেহ উদ্ধারে ও সার্বিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, খালেদ মামুন, সুমন পাটোয়ারী, শিহাব চৌধুরী, শেরেবাংলা নগর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান মিয়া এবং ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা হুমায়ুন কবির। তারা সারাদিন মরদেহটি নিয়ে অপেক্ষা করেন এবং পরে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে তা হস্তান্তর করেন।

পরবর্তীতে নিহত নিরবের আত্মীয়, তার ভাতিজা আয়ান ঘটনাস্থলে পৌঁছালে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার কাছে হস্তান্তর করা হয়।

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এক নেত্রীকে শেষ বিদায় জানাতে এসে একজন সাধারণ মানুষের এমন করুণ মৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে জনসমাগম ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *