Home / বাংলাদেশ / একই দিনে পাল্টাপাল্টি হাইকমিশনার তলবের ঘটনা এটাই

একই দিনে পাল্টাপাল্টি হাইকমিশনার তলবের ঘটনা এটাই

বাংলাদেশ–ভারত সম্পর্ক
একই দিনে পাল্টাপাল্টি হাইকমিশনার তলবের ঘটনা এটাই প্রথম
দিল্লি, কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশন অভিমুখে বিক্ষোভ, আটক।

বিক্ষোভের আয়োজক ভিএইচপিসহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা টানা চতুর্থ দিনের মতো গতকাল মঙ্গলবারও অব্যাহত ছিল। দিনের শুরুতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর জের ধরে এদিন বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে।

গত ১০ দিনে এ নিয়ে দুই দেশ দুবার করে পরস্পরের কূটনীতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানাল। গত ১৬ মাসে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। তবে একই দিনে দুই দেশের দূতকে পাল্টাপাল্টি তলবের ঘটনা দুই দেশের সম্পর্কের ইতিহাসে এটাই প্রথম।
গতকাল ভারতের দিল্লি, কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশন অভিমুখে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদসহ (ভিএইচপি) একাধিক উগ্রপন্থী সংগঠন মিছিল–সমাবেশ করেছে। তিনটি স্থানে পুলিশ তাদের বাংলাদেশ মিশনে যাওয়ার পথ আটকালে বিক্ষোভকারীরা সংঘাতে জড়ান।

এমন পরিস্থিতির প্রেক্ষাপটে মুম্বাইতে বাংলাদেশ উপহাইকমিশন আজ বুধবার থেকে ভিসা সেবা বন্ধের ঘোষণা দিয়েছে। এর আগে দিল্লি ও আগরতলায় ভিসা সেবা করে দিয়েছে ঢাকা।
দুই দেশের কূটনৈতিক সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, এক বছর আগেও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ মিশন থেকে অনেক দূরেই বিক্ষোভকারীদের আটকে দিয়েছিল। এবার মিশন থেকে ৬০০–৭০০ মিটার দূরে আটকে দেওয়া হয়। যদিও গত শনিবার রাতে দিল্লিতে সুরক্ষিত কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকারী ২০–২৫ জনের দলটি কীভাবে পৌঁছে গেল, সেটা প্রশ্নের জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত সোমবার শিলিগুড়ির বিক্ষোভকারীদের তুলনায় গতকাল কলকাতা ও মুম্বাইয়ে বিক্ষোভকারীরা বেশি মারমুখী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *