পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে কৃষক দলের কেন্দ্রীয় নেতা হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে বঞ্চিত আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরার সমর্থক নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার চাটমোহর উপজেলা সদরে তারা বিক্ষোভ করেন। জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে মাসুদ রানা প্রধানের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছেন বঞ্চিত আব্দুল গফুর মন্ডলের সমর্থক নেতাকর্মীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বঞ্চিত নেতার অনুসারীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন। জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে সাবেক সচিব আব্দুল বারীর মনোনয়ন বাতিলের দাবিতে একাধিক বিক্ষোভ সমাবেশ করেছেন বঞ্চিত সাবেক সংসদ-সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা।
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে নাচোল ডাকবাংলা প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন বঞ্চিত ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদের সমর্থকরা। আমিনুলকে ফ্যাসিস্টের দোসর অ্যাখ্যা দিয়েছেন তারা। নওগাঁর ছয়টি আসনের মধ্যে ঘোষিত পাঁচটির মধ্যে তিনটিতে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। মঙ্গলবার নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে মনোনয়নবঞ্চিত ছালেক চৌধুরীর অনুসারীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন। এ আসনে ছালেক তিনবার সংসদ-সদস্য নির্বাচিত হন। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনে ফজলে হুদা বাবলুর মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার মনোনয়নবঞ্চিত পারভেজ আরেফিন সিদ্দিকী জনির অনুসারী নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। জনি সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ছেলে। নওগাঁ-৪ (মান্দা) আসনে ইকরামুল বারী টিপুর মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়নবঞ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মতিনের সমর্থকরা নানা কর্মসূচি পালন করছেন। রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। ৪ নভেম্বর মান্দা এলাকায় তারা বিক্ষোভ করেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ৪ নভেম্বর মনোনয়নবঞ্চিত ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা লালপুর-বনপাড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ নিয়ে লালপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সিদ্দিকুর রহমান দলের ভেতরে সংঘাতের আশঙ্কা করেছেন।






