বিস্তারিত প্রতিবেদন:
আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা নানামুখী চক্রান্তে লিপ্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
শনিবার এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “ষড়যন্ত্রকারীরা একেক সময় একেক বিষয় সামনে এনে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা যখন পিআর কার্যক্রমে ব্যর্থ হয়েছে, এখন গণভোটের নামে নতুন চক্রান্ত শুরু করেছে।”
নয়ন আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি ও জনগণের সম্পদের কথা বিবেচনা করে যদি গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়, তাহলে তা দেশের জন্য উপকারী হবে। “একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাষ্ট্রের অর্থ সাশ্রয় হবে, জনগণের অংশগ্রহণও বাড়বে,”— যোগ করেন তিনি।
যুবদলের সাধারণ সম্পাদক সতর্ক করে বলেন, “যারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারা আসলে দেশ ও জনগণের শত্রু। তারা চায় দেশকে অস্থিতিশীল করতে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে।”
তিনি আরও জানান, দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সর্বদা প্রস্তুত।






