নিজস্ব প্রতিবেদক | ঢাকা:
রাজধানীর গাবতলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা ও দুটি প্রাইভেট কার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইতিহাস পরিবহনের একটি বাস গাবতলী পর্বত সিনেমা হলের কাছ থেকে প্রায় ১০০ মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় সিএনজিটিকে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন, যার মধ্যে তিনজন এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে পর্বত সিনেমা হলের সামনে দিয়ে অতিরিক্ত গতিতে আসা ইতিহাস পরিবহনের একটি বাস সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দেয়, ফলে সেটি উল্টে গিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় পাশে থাকা দুটি প্রাইভেট কারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


সিএনজিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা, যা দুর্ঘটনায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে দুর্ঘটনার তিন দিন পর বাসের মালিক ফয়েজ পুলিশ ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করেন বলে জানা গেছে। যদিও তিনি এখনো আহত ড্রাইভার ও যাত্রীদের খোঁজ নেননি।
এ বিষয়ে গাবতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই. হুমায়ুন কবির জানান,
“এক্সিডেন্ট হওয়ার সময় আমি কাছেই ছিলাম। আমি নিজ চোখে দেখেছি, ইতিহাস পরিবহনের বাসটি পর্বত সিনেমা হল থেকে সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।”
পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালক-হেলপারকে আটকের জন্য অভিযান চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত চারজনের মধ্যে সিএনজি চালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।





