Home / বিশেষ সংবাদ / চরফ্যাশনে হবে মেডিকেল কলেজ হাসপাতাল!

চরফ্যাশনে হবে মেডিকেল কলেজ হাসপাতাল!

ভোলা প্রতিনিধি: সিহাব চৌধুরী
ভোলা জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ চরফ্যাশনে স্থাপনের দাবিতে জোরালো অবস্থান নিয়েছেন স্থানীয় জনগণ। চরফ্যাশন ও লালমোহন উপজেলার সর্বস্তরের মানুষের দাবি—স্বাস্থ্যসেবার দিক থেকে দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চলে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপন এখন সময়ের দাবি।
স্থানীয়দের মতে, চরফ্যাশন ভোলা জেলার একটি গুরুত্বপূর্ণ ও প্রাণকেন্দ্র হলেও চিকিৎসা সুবিধার দিক থেকে এটি এখনো পিছিয়ে রয়েছে। জরুরি চিকিৎসা নিতে হলে রোগীদের ভোলা সদর কিংবা বরিশালে যেতে হয়, যা সময় ও খরচ উভয় দিক থেকেই কষ্টসাধ্য।
ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও নুরুল ইসলাম নয়ন বলেন,
“ভোলার মধ্যে সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল চরফ্যাশন। এখানকার মানুষ বছরের পর বছর ধরে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে এই অঞ্চলের লাখো মানুষ সরাসরি উপকৃত হবে।”
তিনি আরও জানান, চরফ্যাশনে মেডিকেল কলেজ স্থাপন হলে শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে লালমোহন উপজেলার বাসিন্দারাও এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তাদের মতে, চরফ্যাশন ভৌগোলিকভাবে উপযুক্ত এবং বৃহৎ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য হওয়ায় এখানে মেডিকেল কলেজ স্থাপন সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হবে।
বিশেষজ্ঞদের মতে, উপকূলীয় ও দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবার উন্নয়নে মেডিকেল কলেজ স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে করে চিকিৎসক সংকট কমবে এবং জরুরি চিকিৎসা সেবা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
স্থানীয় সচেতন মহল দ্রুত এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন—ভোলা মেডিকেল কলেজ যেন চরফ্যাশনেই স্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *