বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা খুবই সংকটাপন্ন। এ অবস্থায় মাকে দেখতে কবে দেশে আসবেন তারেক রহমান? দেশে ফেরা নিয়ে মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু এখন তিনি। এরই মধ্যে অনেক জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশের উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- এমন খবরে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম।
দিনভর শোনা যাচ্ছে তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা করেছেন। যদিও বিএনপি ও দায়িত্বশীল কোন সূত্র এখনও বিষয়টি নিশ্চিত করেননি। তারপরও বিভিন্ন সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তারেক রহমান যুক্তরাজ্য থেকে রওনা দিয়েছেন। তিনি কাতার এয়ারওয়েজে বাংলাদেশে আসবেন। আরও জানা যায়, কাতার এয়ারওয়েজের যাত্রী তালিকায় একজন ভিআইপি আসবেন বলে উল্লেখ আছে।
এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি এভারকেয়ার হাসপাতালে তিন স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ সকাল থেকে বিজিবিও মোতায়েন করা হয়েছে। এসব নিরাপত্তার পাশাপাশি আগামীকাল হাসপাতালে হেলিকপ্টার অবতরণের মহড়াও করবে সেনাবাহিনী। সবমিলিয়ে বিমাবন্দরে নেতা-কর্মীদের ভিড় এড়ানোর জন্য তারেক রহমানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হবে-এমন খবরও চাউর হয়েছে।
বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের বরাতে জানা গেছে, তিনি দেশে ফিরছেন। তবে কবে-কখন ফিরছেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলছেন না। এতে করে গুঞ্জনের মাত্রা বেড়েই চলেছে। এসব গুঞ্জন চলার মধ্যে বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের ফেরা-না ফেরার বিষয়ে এখনই পরিস্কার কিছু গণমাধ্যমকে জানানো উচিত।






