Home / বিশেষ সংবাদ / ছাদে ফুলের টবে পানি দিতে গিয়ে নিরাপত্তাকর্মীর মর্মান্তিক মৃত্যু

ছাদে ফুলের টবে পানি দিতে গিয়ে নিরাপত্তাকর্মীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নিউজ টাইম বাংলাদেশ
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে একটি বাসার ছাদে ফুলের টবে পানি দিতে গিয়ে নিচে পড়ে মো. সুরুজ শেখ (৪০) নামে এক নিরাপত্তাকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজার বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো ছাদের ফুলের টবে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান সুরুজ শেখ। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. সুরুজ শেখ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বাজুয়াবটেক গ্রামের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে তিনি রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে বসবাস করতেন এবং একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি তিন সন্তানের জনক। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ছাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা নিশ্চিত করার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *