শশীভূষণে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলা প্রতিনিধি | অনলাইন নিউজ পোর্টাল
প্রকাশিত: ২০ মে, ২০২৬
ভোলা: ভোলার শশীভূষণ থানা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার টিমের এক বিশেষ অভিযানে ১০০ (একশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ১৮.০৫ ঘটিকায় শশীভূষণ থানাধীন চর কলমি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম রিমা (২১)। সে দক্ষিণ চরমঙ্গল গ্রামের (৮নং ওয়ার্ড) ফখরুল ইসলামের কন্যা এবং মো: সাব্বির হাওলাদারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এই মাদক উদ্ধার অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা সাইবার (ডিবি) ভোলার এসআই (নিঃ) আসিফ ইকবাল ও তাঁর সঙ্গীয় চৌকস ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চরমঙ্গল গ্রামে অভিযান চালিয়ে আসামী রিমাকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।






