বিশেষ প্রতিনিধি:
সরকারি ত্রাণের ভুয়া প্রলোভন দেখিয়ে এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে বিকাশ নম্বরে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল, শেরে বাংলা নগর থানার এক নেতার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে মোহাম্মদপুর থানায় এই সাধারণ ডায়েরি/অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী মো: রুবেল হাওলাদার (২৯)।
অভিযোগের বিবরণ:
অভিযোগসূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল অনুমান ৪:০০ ঘটিকার সময় ১ নং বিবাদী ইকবাল হোসেন (জাতীয় পরিচয়পত্র নং: ৮২৫৭২৫১২৮৩), পিতা- মো: মহসিন, বর্তমানে চাঁদ উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা এলাকা থেকে ভুক্তভোগীকে একটি নির্দিষ্ট বিকাশ নম্বরে (০১৩৩৪৬৩৯৮১৯) ফোন দিতে বলেন। বিবাদী দাবি করেন, উক্ত নম্বরে থাকা ব্যক্তিটি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এবং তিনি দুস্থদের জন্য সরকারি ত্রাণ সরবরাহে সহায়তা করতে পারবেন।
পরবর্তীতে ভুক্তভোগী মো: রুবেল হাওলাদার ওই নম্বরে ফোন দিলে ২ নং বিবাদী তামিম হোসাইন (জাতীয় পরিচয়পত্র নং: ১০৫০০৬৯৪৩০), পিতা- আবুল কালাম, চকরিয়া, কক্সবাজার নিজেকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের একজন উপ-সচিব পরিচয় দেন। তিনি প্রতি পরিবারকে সরকারি ত্রাণ পাওয়ার জন্য ৫৭৫ টাকা করে খরচ প্রদানের প্রস্তাব দেন।
অভিযোগকারী সরল বিশ্বাসে ১১০ জন দুস্থ ও অসহায় মানুষের তালিকা তৈরি করে মোট ৬৩,৮০০/- (তেষট্টি হাজার আটশত) টাকা বিবাদীদের দেওয়া বিকাশ নম্বরে (০১৩৪৭১১৪৭৩৭) বিভিন্ন কিস্তিতে ও এজেন্ট নম্বরের মাধ্যমে পাঠায়।
টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন:
টাকা পাঠাবার পর বিবাদীগণ পরবর্তীতে আরও ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা দাবি করলে ভুক্তভোগী বিষয়টি প্রতারণা বুঝতে পারেন এবং নিজের পাঠানো টাকা ফেরত চান। টাকা ফেরত না দিয়ে বিবাদীগণ ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং সমস্ত নম্বর ব্লক করে দেয়।
ভুক্তভোগী অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তিরা ইতিপূর্বেও বিভিন্ন প্রতারণার সাথে জড়িত ছিলেন এবং তাদের নামে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।
পুলিশি পদক্ষেপ:
মোহাম্মদপুর থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মোবাইল নম্বর ও বিকাশ অ্যাকাউন্টের লেনদেন যাচাই করে অপরাধীদের শনাক্ত ও আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শেরে বাংলা নগর থানা শ্রমিক দল নেতার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় প্রতারণার অভিযোগ






