নিউজ টাইম বাংলাদেশ ডেস্ক:
সম্প্রীতি মন্ত্রিসভা বর্ধিতকরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। নতুন মন্ত্রিসভায় সম্ভাব্য মুখ হিসেবে আলোচনায় রয়েছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও মোঃ নুরুল ইসলাম নয়ন। তিনি বরিশাল বিভাগের সর্বোচ্চ ভোটে বিজয়ী সংসদ সদস্যদের একজন হিসেবে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ও তরুণ নেতৃত্ব হিসেবে নুরুল ইসলাম নয়ন বর্তমানে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। তিনি জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত।
বিশেষ করে গত ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে যুবদলকে সংগঠিত ও সক্রিয় রাখতে তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা দাবি করেছেন। একইসঙ্গে বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটে বিজয়ী হওয়ায় কেন্দ্রীয় পর্যায়েও তার গুরুত্ব বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও পরবর্তীতে স্পিকার হিসেবে মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই ভোলা জেলা থেকে নতুন মুখ হিসেবে নুরুল ইসলাম নয়নের নাম আলোচনায় আসে।
এ বিষয়ে নুরুল ইসলাম নয়নের সঙ্গে কথা হলে তিনি বলেন,
“দল ও সরকার যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে আমি যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত। দেশ ও দেশের মানুষের সেবা করাই আমার মূল উদ্দেশ্য।”
বিভিন্ন রাজনৈতিক সূত্রে জানা গেছে, বর্তমান মন্ত্রিসভায় নতুন ও মেধাবী নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সে বিবেচনায় তরুণ নেতৃত্ব হিসেবে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
সম্প্রীতি মন্ত্রিসভা সম্প্রসারণে আলোচনায় ভোলা-৪এর এমপি নুরুল ইসলাম নয়ন






