মোহাম্মদপুরের সড়ক নির্মাণের
নামে হরিলুট পাথরের পরিবর্তে ময়লা আবর্জনা দিয়ে সড়ক নির্মাণ
নিজস্ব প্রতিবেদক:ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্ধারিত পাথর বা মানসম্মত নির্মাণসামগ্রীর পরিবর্তে ময়লা, রাবিশসহ নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রায় এক বছরের বেশি সময় ধরে রাস্তার কাজ চলমান থাকলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দীর্ঘদিন ধরে রাস্তা কেটে ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা সাদ্দাম বলেন,
“আমরা এখানে বসবাস করি। যেভাবে নিম্নমানের কাজ হচ্ছে, এতে করে অল্প সময়েই রাস্তা ভেঙে যাবে। তখন সরকারের বদনাম হবে। আমরা চাই অনুমোদন অনুযায়ী সঠিকভাবে কাজ হোক।”
আরেক বাসিন্দা মোশারফ হোসেন অভিযোগ করে বলেন,
“এখানে স্পষ্ট অনিয়ম ও দুর্নীতি চলছে। এসবের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোনো হুমকিকে ভয় পাই না। নিম্নমানের সব উপকরণ সরিয়ে নতুন করে সঠিকভাবে কাজ করতে হবে।”
স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী মহল ও কথিত নেতাকর্মীদের সাথে যোগসাজশ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এসব অনিয়ম করে যাচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার হানিফের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। সংশ্লিষ্ট প্রকৌশলীর সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সঠিক মান বজায় রেখে পুনরায় কাজ সম্পন্ন করা হোক।






