ভোলার চরফ্যাশন উপজেলা এলাকায় আবারও প্রতিহিংসার রাজনীতির জেরে রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি, যিনি বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে সাদ্দাম হোসেন চরফ্যাশন থেকে নিজ এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল তার গতিরোধ করে। পরে তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। হামলার সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় ১৭ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ইসমাইল হাওলাদারসহ মাইনুদ্দিন, লতিফ, হৃদয় ও মনিরের নাম উল্লেখ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীর পরিবারের দাবি, এটি কোনো সাধারণ ছিনতাই নয়; বরং সুপরিকল্পিত রাজনৈতিক হামলা। তাদের অভিযোগ, স্থানীয় রাজনীতির দ্বন্দ্ব এবং প্রকাশ্যে প্রতিবাদের জেরে সাদ্দাম হোসেনকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। বিশেষ করে স্থানীয় এক প্রভাবশালী চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে প্রতিহিংসার শিকার হতে হয়েছে বলে তারা দাবি করেন।
ঘটনার পরপরই এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
এদিকে সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।
চরফ্যাশনে প্রতিহিংসার রাজনীতিতে প্রায় ঘটছে রক্তাতের ঘটনা।






