Home / বাংলাদেশ / নির্বাচন পূর্ববর্তী সময়ে নাশকতা রোধে যৌথ বাহিনীর নেতৃত্বে চরফ্যাশনের আনজুরহাট বাজারে মোবাইল কোর্টের বিশেষ অভিযান

নির্বাচন পূর্ববর্তী সময়ে নাশকতা রোধে যৌথ বাহিনীর নেতৃত্বে চরফ্যাশনের আনজুরহাট বাজারে মোবাইল কোর্টের বিশেষ অভিযান

নির্বাচন পূর্ববর্তী মুহূর্তে নাশকতা এড়াতে নৌবাহিনীর উদ্যোগে আনজুরহাট বাজারে মোবাইল কোর্টের বিশেষ অভিযান
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা, বিশৃঙ্খলা ও আইনবহির্ভূত কার্যক্রম রোধে চরফ্যাশনের আনজুরহাট বাজারে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে এবং যৌথ বাহিনীর সমন্বয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ প্রশাসন ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে আনজুরহাট বাজারের বিভিন্ন মুদি দোকান ও খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এ সময় কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনে সংশ্লিষ্ট দোকানিদের বিরুদ্ধে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড আরোপ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান বলেন,
“নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, অবৈধ কার্যক্রম কিংবা জনস্বার্থবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনীর নেতৃত্বে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, নৌবাহিনী ও যৌথ বাহিনীর উপস্থিতিতে বাজারে শৃঙ্খলা ফিরে এসেছে এবং ভোক্তারা স্বস্তি বোধ করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চরফ্যাশনের গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর টহল ও মোবাইল কোর্ট কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *