ভোলা–বরিশাল সেতুর দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা-১৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ কামরুজ্জামান জুয়েল। মোহাম্মদপুরের এই কৃতি সন্তান দীর্ঘদিন ধরে সংগঠনের তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুরে বসবাসরত অধিকাংশ ভোলার মানুষ রাজনীতিতে মোঃ কামরুজ্জামান জুয়েলের হাত ধরেই সক্রিয় হন। রাজনৈতিক মাঠে তার সুদীর্ঘ অবদান এবং কর্মীদের প্রতি তার নিবেদিত অবস্থান তাকে এলাকাবাসীর কাছে ‘বিশ্বস্ত নেতৃত্ব’ হিসেবে পরিচিত করে তুলেছে।
বর্তমানে ঢাকা-১৩ আসনের উল্লেখযোগ্য অংশজুড়ে ভোলা জেলার বিভিন্ন অঞ্চলের আগত ভোটারদের বসবাস। স্থানীয়দের দাবি—ভোলা–বরিশাল সেতু শুধু ভোলার মানুষের নয়, দেশের দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। বৃহত্তর স্বার্থের এই দাবির প্রতি জুয়েলের প্রকাশ্য সমর্থন আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
কামরুজ্জামান জুয়েল বলেন,
“ভোলা–বরিশাল সেতু কেবল একটি সেতু নয়—এটি মানুষের জীবন, যোগাযোগ, অর্থনীতি এবং আঞ্চলিক উন্নয়নের স্বপ্ন। সাধারণ মানুষের ন্যায্য দাবি পূরণে আমি সর্বাত্মকভাবে তাদের পাশে আছি এবং থাকব।”
এদিকে আন্দোলনকারীরা মনে করেন, জাতীয় নেতাদের এমন সমর্থন ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিকে আরও বেগবান করবে এবং সরকারকে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ সৃষ্টি করবে।





