১/১১-এর সংস্থাপন্থী নাজিম উদ্দিন আলমের বিভ্রান্তিমূলক অপপ্রচার: ভোলা-৪ আসনে বিতর্ক
ঢাকা: ১/১১-এর সংস্থাপন্থী হিসেবে পরিচিত বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সম্প্রতি ভোলা-৪ আসনকে ঘিরে একের পর এক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, বিএনপি থেকে ভোলা-৪ আসনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে মনোনয়ন দেওয়ার পর থেকেই নাজিম উদ্দিন আলম ক্ষোভ প্রকাশ করে আসছেন। তিনি দাবি করেন, “যাকে নমিনেশন দেওয়া হয়েছে, তার ঘরবাড়ি পর্যন্ত নেই, ডাকবাংলায় বসে মিটিং-মিছিল করে।”
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—দলীয় সিদ্ধান্তকে অমান্য করে একজন সাবেক সংসদ সদস্য কীভাবে এমন মন্তব্য করতে পারেন। নাজিম উদ্দিন আলম আরও বলেন, “আমি এই আসনে নমিনেশন পাওয়ার জন্য যথেষ্ট যোগ্য ছিলাম, কিন্তু আমাকে দেয়া হয়নি। তোমরা হতাশ হয়ো না, সবকিছু চেঞ্জ হবে।”
তবে বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা বলছেন, নাজিম উদ্দিন আলমের এই বক্তব্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই তিনি এসব করছেন। অনেকে বলছেন, এটি ১/১১ সময়ের তার পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এসব মন্তব্য নিয়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। দলের একাধিক নেতা জানিয়েছেন, নাজিম উদ্দিন আলমের এই অপপ্রচার ও হেয়প্রতিপন্নমূলক বক্তব্যের বিরুদ্ধে শিগগিরই সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।






