দেশজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাঁ’ ও ‘না’ শব্দ নিয়ে তৈরি হয়েছে তোলপাড়। হঠাৎ করে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ শুধু একটি শব্দ লিখে পোস্ট দিচ্ছেন — “না”।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি মূলত গণভোটের প্রস্তাবকে ঘিরে বিএনপি ও সাধারণ জনগণের প্রতিবাদের প্রতীকী রূপ।
সম্প্রতি জামায়াতে ইসলাম ও এনসিপি জাতীয় নির্বাচনের পরিবর্তে “গণভোট” আয়োজনের প্রস্তাব তুলেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। কিন্তু বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে।
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ বিষয়ে বলেন —
“বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণের ভোট, গণভোট নয়। জনগণ ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি, এবার তারা নিজের হাতে ভোট দিতে চায়। আমরা বিশ্বাস করি— দেশের পরিবর্তন আসবে ব্যালটের মাধ্যমে, কোন প্রহসনের মাধ্যমে নয়।”
নয়ন আরও বলেন,
“গণভোটের নামে যারা নির্বাচনের প্রক্রিয়াকে বিভ্রান্ত করতে চায়, তারা আসলে গণতন্ত্রকে কলঙ্কিত করতে চায়। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করছে — গণভোট নয়, জাতীয় নির্বাচনই হবে চূড়ান্ত পথ।”
এই বক্তব্যের পর থেকেই যুবদলের বিভিন্ন ইউনিট, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় একযোগে “না” লিখে পোস্ট করতে শুরু করে।
ফলে ফেসবুক নিউজফিডজুড়ে তৈরি হয়েছে এক অনন্য প্রতিবাদের ঢেউ।
রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে, জনগণের মধ্যে ভোটের আগ্রহ ও নির্বাচনী প্রত্যাশা যত বাড়ছে, ততই গণভোটের ধারণা দুর্বল হয়ে পড়ছে।





