স্টাফ রিপোর্টার | ঢাকা | ১৫ অক্টোবর ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে (আদাবর, শেরে বাংলা নগর ও মোহাম্মদপুর এলাকা) ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ববি হাজ্জাজ। তিনি বিএনপির শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিক।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) মোহাম্মদপুরের সূচনা কমিউনিকেশনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তাকে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে বিএনপি ও শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ববি হাজ্জাজ বলেন,
“বিগত ফ্যাসিস্ট আমলে আমরা শরিক দল হিসেবে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা আবারও কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকব।”
সূত্র জানায়, এর আগে ববি হাজ্জাজ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে ঢাকা-১৩ আসনে শরিক দলের প্রার্থী হিসেবে তাকে বিবেচনা করা হবে বলে নিশ্চিত করা হয়।
বিএনপির নীতিনির্ধারকরা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ঢাকা-১৩ আসনটি শরিক দলের জন্য সংরক্ষিত থাকবে এবং ববি হাজ্জাজই ঐক্যজোটের পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনে ববি হাজ্জাজের প্রার্থীতা বিএনপি জোটে নতুন উদ্দীপনা যোগ করবে।






