স্টাফ রিপোর্টার | ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘ ২৩ বছর ধরে ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনাকারী এক দোকানদারের ওপর হামলা, লুটপাট ও দোকান দখলের অভিযোগ উঠেছে বাড়িওয়ালা ও তার ছেলের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়িওয়ালা হোসেনের দোকানে ভাড়াটিয়া হিসেবে ব্যবসা করে আসছিলেন সোহাগ। তিনি প্রায় ২৩ বছর ধরে একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করছেন, যার মাসিক ভাড়া ছিল ৫০ হাজার টাকা।
ভুক্তভোগী সোহাগ জানান, হঠাৎ করেই বাড়িওয়ালার ছেলে, ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ, তাকে দোকান ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এ সময় সোহাগ এক মাস সময় চান এবং দোকান খালি করে দেওয়ার আশ্বাস দেন।
তবে অভিযোগ রয়েছে, এরপরও একাধিকবার সবুজ সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে সোহাগকে হুমকি দিতে থাকে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার উদ্যোগ নিলে ০২ এপ্রিল ২০২৬ তারিখ, দুপুর ১২টায় বসার সময় নির্ধারণ করা হয়।
সোহাগ ও তার লোকজন নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করলেও, বাড়িওয়ালা পক্ষ থেকে কেউ উপস্থিত হয়নি। পরে তারা স্থান ত্যাগ করলে, অভিযোগ অনুযায়ী বাড়িওয়ালা হোসেন, তার ছেলে সবুজ এবং তাদের সহযোগীরা এসে দোকানের মালামাল বাইরে ফেলে দেয়।
এ সময় দোকান থেকে প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা নগদ অর্থ লুট করে নেওয়া হয় বলে অভিযোগ করেন সোহাগ। এছাড়াও দোকানের কর্মচারীদের মারধরের ঘটনাও ঘটে।
ঘটনার পর ভুক্তভোগী সোহাগ মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনা ব্যবসায়ী পরিবেশের জন্য হুমকিস্বরূপ এবং দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন।
মোহাম্মদপুরে দোকান দখল ও লুটের অভিযোগ:আওয়ামীলীগ নেতা হোসেন ও ছেলেসবুজের বিরুদ্ধে মামলা।






