ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন জকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সম্ভাব্য ভিপি (ভাইস প্রেসিডেন্ট) প্রার্থী হাসিবুর রহমান খান আর নেই। সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাসিবুর রহমান খান চরফ্যাশনের কৃতি সন্তান ও লোকমান মাওলানার ছেলে। তার গ্রামের বাড়ি মাঝেরচরে অবস্থিত। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।
এর আগে তিনি ফ্যাসিস্ট সরকারের বিরোধী জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মিরপুরের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জানান, আসন্ন জকসু নির্বাচনে তিনি ছিলেন ছাত্রদলের পক্ষ থেকে সম্ভাব্য ভিপি প্রার্থী। তার মৃত্যুতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হাসিবের বড় ভাই নাঈম বলেন, “আমরা একসাথে তিন ভাই জুলাই আন্দোলন করেছিলাম। কিন্তু এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, তা কখনও কল্পনাও করতে পারিনি। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কারো সঙ্গে হাসিবের কোনো আর্থিক লেনদেন থেকে থাকে তবে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। পরিবার সকল পাওনা পরিশোধ করবে এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছে।





