Home / রাজনীতি / বাঙলা কলেজ ছাত্রদলকে ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্ভুক্ত করার দাবি তৃণমূল নেতাকর্মীদের

বাঙলা কলেজ ছাত্রদলকে ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্ভুক্ত করার দাবি তৃণমূল নেতাকর্মীদের

বিশেষ প্রতিনিধি, অনলাইন ডেস্ক:
​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দুই ইউনিট সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। দুটিই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অধীনস্থ ‘সুপার ইউনিট’ হিসেবে বিবেচিত হলেও, বর্তমানে এই দুই ইউনিটের নেতাকর্মীদের কর্মকাণ্ড ও নেতৃত্বের পদপ্রার্থিতা নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
​ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ, বাঙলা কলেজ ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব নিজেদের মূল ক্যাম্পাসের রাজনীতি শেষ না করতেই নগর রাজনীতির বড় পদে আসীন হতে মরিয়া হয়ে উঠেছেন। এমন পরিস্থিতিতে সংগঠনের চেইন অব কমান্ড রক্ষা এবং রাজপথের ত্যাগী ও স্থানীয় নেতাদের মূল্যায়নের স্বার্থে বাঙলা কলেজ ছাত্রদলকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ ‘অধীনস্থ ইউনিট’ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি তুলছেন তৃনমূলের নেতাকর্মীরা।
​জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে রয়েছেন একাধিক ছাত্রনেতা। বর্তমানে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুখলেসুর রহমান, সদস্য সচিব ফয়সাল রেজা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ—এই তিন শীর্ষ নেতাই আগামীতে হতে যাওয়া ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক পদের জন্য চেষ্টা চালাচ্ছেন ও নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।
​মহানগর পশ্চিম ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের একাংশের ভাষ্যমতে, “একই সঙ্গে স্বনামধন্য কলেজের শীর্ষ পদে থেকে আবার মহানগর পশ্চিম ছাত্রদলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা নগর রাজনীতিতে স্থানীয় নেতাদের কোণঠাসা করে ফেলছে। বাংলা কলেজের নেতারা মূল পদে থাকা অবস্থাতেই মহানগরের পদ বাগিয়ে নিতে তৎপর হয়ে ওঠেন। এতে করে মহানগরের আওতাধীন এলাকাগুলোর ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মীরা যথাযথ পদ-পদবি থেকে বঞ্চিত হচ্ছেন।”
​এ বিষয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন থানার কয়েকজন শীর্ষ ও ত্যাগী নেতা জানান, বাঙলা কলেজ ও মহানগর পশ্চিম ছাত্রদল যদি আলাদা সুপার ইউনিট হিসেবে কার্যক্রম চালায়, তবে কলেজ কমিটির নেতাদের সরাসরি মহানগরের শীর্ষ পদে সরাসরি অংশগ্রহণ বন্ধ করা উচিত। অথবা বাঙলা কলেজ ছাত্রদলকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের একটি অধীনস্থ সাংগঠনিক ইউনিট হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এতে করে উভয় ইউনিটের মধ্যে সমন্বয় বাড়বে এবং যোগ্য ও মাঠপর্যায়ের নেতাদের সঠিক মূল্যায়ন সম্ভব হবে।
​এ বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে মনে করছেন সংগঠনটির নীতি-নির্ধারকরা। তবে সাধারণ নেতাকর্মী ও তৃণমূলে এই নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *