Home / রাজনীতি / ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিতে শেষ মূহুর্তে আলোচনায় রয়েছেন যারা।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিতে শেষ মূহুর্তে আলোচনায় রয়েছেন যারা।

বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬
​ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে জল্পনা-কল্পনা ও উৎসুক উদ্দীপনা তুঙ্গে উঠেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদে আসীন হতে পদপ্রত্যাশীরা মাঠপর্যায়ে সক্রিয় থাকার পাশাপাশি নীতি-নির্ধারকদের দ্বারে দ্বারে যোগাযোগ রক্ষা করে চলেছেন। শেষ মুহূর্তে শীর্ষ পদের নেতৃত্বে একঝাঁক অভিজ্ঞ ও ত্যাগী নেতার নাম জোর আলোচনায় এসেছে।
​দলীয় সূত্রে জানা গেছে, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে ভূমিকা রাখা এবং সংগঠনের কঠিন সময়ে পাশে থাকা একাধিক জ্যেষ্ঠ নেতাকে কেন্দ্র করে হিসাব-নিকাশ চলছে।
​বর্তমানে শীর্ষ পদে আলোচনার তুঙ্গে রয়েছেন— ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সাবেক ১ নং সহ-সভাপতি কাউসার খান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, সাবেক সহ-সভাপতি কাজী শাওন আলম, সাবেক সহ-সভাপতি মোতাহার হোসেন নিলয় এবং সাবেক দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম।
​সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা জানান, রাজপথের লড়াই-সংগ্রামে যাদের ইতিবাচক ভূমিকা ছিল এবং যারা রাজনৈতিক মামলা-হামলা মোকাবেলা করে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখেছেন, তাদের মধ্য থেকেই যেন নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
​এ বিষয়ে তৃণমূলের একাধিক কর্মী বলেন, “যারা ছাত্রদলের ঐতিহ্য বজায় রেখে রাজপথে অগ্রভাগে থাকবেন এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবেন, এমন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের হাতেই ঢাকা মহানগর পশ্চিমের আগামীদিনের নেতৃত্ব দেখতে চাই।”
​কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছেন ঢাকা মহানগর পশ্চিমের পদপ্রত্যাশী ও সাধারণ কর্মীরা। খুব দ্রুতই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *