Home / রাজনীতি / যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি: সভাপতি-সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজ ও পিন্টু

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি: সভাপতি-সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজ ও পিন্টু

বিশেষ প্রতিনিধি | অনলাইন সংস্করণ
ঢাকা:
​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি সম্প্রতি ভেঙে দেওয়ার পর থেকেই নতুন কমিটি গঠন নিয়ে জোর গুঞ্জন ও আলোচনা চলছে। বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা পরীক্ষিত ও ত্যাগী নেতাদের সমন্বয়েই গঠিত হতে যাচ্ছে উত্তরের নতুন নেতৃত্ব। দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে এই বহুল প্রতীক্ষিত কমিটি।
​কমিটিকে কেন্দ্র করে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক যোগ্য প্রার্থীর নাম শোনা গেলেও আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন রাজপথের অভিজ্ঞ দুই তরুণ নেতা।
​সভাপতি পদে শীর্ষে এস এম মিজানুর রহমান রাজ
​ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে নেতাকর্মীদের আস্থার শীর্ষে রয়েছেন এস এম মিজানুর রহমান রাজ। রাজিব-মিজান প্যানেলের মাধ্যমে দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া রাজ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এবং পরবর্তী সময়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
​বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন সামনের সারির যোদ্ধা। একাধিক মামলা, জেল-জুলুম ও রাজপথের হামলার শিকার হয়েও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। তৃনমূলের নেতাকর্মীদের মতে, রাজপথের ত্যাগী ও অভিজ্ঞ এই নেতা সভাপতি হিসেবে দায়িত্ব পেলে উত্তর যুবদল আরও সুসংগঠিত হবে।
​সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজিব হোসেন পিন্টু
​অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মোহাম্মদ রাজিব হোসেন পিন্টু। তিনি সাবেক বৃহত্তর পল্লবী থানা যুবদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি শুরু করে পরবর্তীতে পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতির গুরুদায়িত্ব সফলভাবে পালন করেছেন।
​শেখ হাসিনা সরকারের বিগত ১৭ বছরের শাসনামলে অসংখ্য রাজনৈতিক মামলা ও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন পিন্টু। এমনকি আন্দোলন দমনে তাকে গুমের শিকারও হতে হয়েছিল। জীবনবাজি রেখে রাজপথে অবস্থান নেওয়া এই পরীক্ষিত নেতা সাধারণ সম্পাদক পদের জন্য নেতাকর্মী ও দলীয় হাই কমান্ডের কাছে ব্যাপকভাবে আলোচিত। বিএনপির একাধিক সিনিয়র নেতার সাথে যোগাযোগ করে জানা যায়, আন্দোলন-সংগ্রামের সার্বিক বিবেচনায় সাধারণ সম্পাদক পদে রাজিব হোসেন পিন্টুর সম্ভাবনা জোরালো।
​দৌড়ে আছেন আরও একাধিক ত্যাগী নেতা
​সভাপতি ও সাধারণ সম্পাদক পদের পাশাপাশি উত্তরের শীর্ষ পদের দৌড়ে এবং গুরুত্বপূর্ণ পদের আলোচনায় রয়েছেন যুবদলের একাধিক রাজপথের মুখ। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য—ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তসলিম হাসান মাসুম, জুলহাস, মনিরুল ইসলাম স্বপন, আইয়ুব এবং জসিম। এসকল নেতারও রয়েছে দীর্ঘ রাজপথের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের রেকর্ড।
​দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে কোনো নিষ্ক্রিয় বা সুযোগসন্ধানীদের ঠাঁই দেওয়া হবে না। যারা বিগত দিনে জীবন বাজি রেখে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন এবং মামলা-হামলা উপেক্ষা করে সংগঠনকে ধরে রেখেছেন, তাদের দিয়েই ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব সাজানো হচ্ছে। যেকোনো সময় এই পূর্ণাঙ্গ বা আংশিক নতুন কমিটির অনুমোদন দেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *