Home / বিশেষ সংবাদ / তজুমদ্দিনে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, মানববন্ধন

তজুমদ্দিনে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, মানববন্ধন

ইয়াসির রহমান, ভোলা প্রতিনিধি
তারিখ: ০৭ অক্টোবর ২০২৬ | রোজ: বুধবার
ভোলার তজুমদ্দিনে মধ্য চাঁদপুর রহমানিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জমি অবৈধভাবে দখলের চেষ্টা, মাদ্রাসা ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এ সময় তারা মাদ্রাসার জমি রক্ষা, ভাঙচুর ও হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট মোজাম্মেল হক (কুটি) মাদ্রাসার জমি দখলের চেষ্টা করছেন। তাদের দাবি, জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে মাদ্রাসায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, মাদ্রাসার প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিনকে মারধর এবং মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি করে তা দখলের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদ্রাসার জমি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের জন্য ব্যবহৃত হচ্ছে। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানটির জায়গা দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
তারা আরও বলেন, মাদ্রাসার জমি সংক্রান্ত সব কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি।
এ সময় বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি মাদ্রাসার জমি সুরক্ষা, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের দ্রুত তদন্তের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

নিউজ টাইম বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *