রাকিব মাহমুদ রিজভী,চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার শশীভূষণ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯০ (একশত নব্বই) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার (০৬ জুন ২০২৬) বিকেলে থানার চর কলমী ইউনিয়নের উত্তর চর মঙ্গল এলাকার ইকবাল পাটোয়ারী মোড় সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন:
মোঃ আরিফ (২২): পিতা- মোঃ এরশাদ, মাতা- মিনারা বেগম।
মোঃ রাকিব হোসেন (১৯): পিতা- মোঃ গিয়াস উদ্দিন, মাতা- ফাতেমা বেগম।
উভয়ের বাড়ি শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের করিমপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়:
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনা এবং শশীভূষণ থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এলাকাকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ বিকেল ১৬:৩০ ঘটিকায় শশীভূষণ থানার এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স চর কলমী ইউনিয়নের উত্তর চর মঙ্গল ৫নং ওয়ার্ডের ইকবাল পাটোয়ারী মোড় সংলগ্ন আলমগীর পাটোয়ারীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে তল্লাশি করা হলে মোঃ আরিফের কাছ থেকে ১১৫ পিস এবং মোঃ রাকিব হোসেনের কাছ থেকে ৭৫ পিসসহ সর্বমোট ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আইনের আওতায় আসামিরা:
শশীভূষণ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৬, তারিখ-০৬/০৬/২০২৬ খ্রিঃ)। মাদকের বিরুদ্ধে এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
চরফ্যাশন উপজেলার কলমী ইউনিয়নে ১৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার






