আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রকাশিত মনোনয়ন তালিকায় তার নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
ঢাকা-১০ সংসদীয় আসনটি মূলত ধানমন্ডি, কলাবাগান এবং নিউমার্কেট থানা নিয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ নগর এলাকা। ছাত্র-শিক্ষক, পেশাজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস হওয়ায় আসনটি সবসময়ই রাজনৈতিকভাবে আলোচিত।
মনোনয়ন ঘোষণার পরই ধানমন্ডি–কলাবাগান–নিউমার্কেট এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় নেতারা মনে করছেন, দীর্ঘদিন ধরে দলের নিবেদিত ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত শেখ রবিউল আলম এই আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান নিবেন।
মনোনয়ন প্রাপ্তির পর শেখ রবিউল আলম বলেন—
“দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, আমি তার যোগ্য প্রতিদান দিতে চাই। ঢাকা-১০ এর মানুষের জীবনমান উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করবো।”
দলীয় সূত্র জানায়, শেখ রবিউল আলম ইতোমধ্যে তিন থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা এবং নির্বাচনী প্রস্তুতি কার্যক্রম জোরদার করেছেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের প্রার্থিতা নির্বাচনী লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।





