ঢাকা, ১১ নভেম্বর ২০২৫
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের একের পর এক পরিকল্পিতভাবে টার্গেট করে হত্যার ঘটনা নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দের মধ্যে চরম নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে।
আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি নির্মম হত্যাকাণ্ড। এখনো পর্যন্ত কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা নিশ্চিতভাবে জানা যায়নি।
একই দিনে আরও একজন ছাত্রদল নেতা রাজধানীতে খুন হয়েছেন, যা সংগঠনজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল— যা এখনও ছাত্রসমাজ ভুলতে পারেনি। সাম্প্রতিক সময়ে একের পর এক এমন হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা মনে করছেন, তাদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত টার্গেটিং ও নিপীড়ন চলছে।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,
“ছাত্রদলের নেতাকর্মীদের একের পর এক পরিকল্পিতভাবে টার্গেট করে হত্যা করা হচ্ছে। আমরা ন্যায়বিচার চাই, আর এই হত্যার দায় কেউ এড়িয়ে যেতে পারবে না।”
মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল দাবি করেছেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত এসব হত্যার সঠিক তদন্ত ও বিচার না করে, তবে এটি দেশের রাজনীতিতে ভয়াবহ অস্থিতিশীলতা সৃষ্টি করবে।
ছাত্রদলের পক্ষ থেকে নিহত নেতাদের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।






